সাতক্ষীরায়

জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতা: পাম্পে এমপির ঝটিকা পরিদর্শন

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০১:৩৮ পিএম
জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতা: পাম্পে এমপির ঝটিকা পরিদর্শন

সাতক্ষীরায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট এবং নিরাপত্তাহীনতার আশঙ্কায় অস্থিরতা ছড়িয়ে পড়েছে পেট্রোল পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার ক্ষোভ এবং পাম্প মালিকদের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকির মুখে সোমবার (২৩ মার্চ) সকালে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা সদরের ‘লস্কার ফিলিং স্টেশন’ ও ‘কপোতাক্ষ ফিলিং স্টেশন’ পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি পাম্পের তেলের মজুত পরীক্ষা করেন এবং দৈনিক ক্রয়-বিক্রয়ের খাতা (লেজার) যাচাই করে দেখেন। এ সময় পাম্পে তেল নিতে আসা সাধারণ গ্রাহকরা এমপির কাছে তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেন। অনেক চালক অভিযোগ করেন, পাম্পগুলোতে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি সীমিত রাখা হচ্ছে। সংসদ সদস্য সাধারণ মানুষের অভিযোগ শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে কপোতাক্ষ ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. শুকুর আলী সরদার এক চাঞ্চল্যকর তথ্য জানান। তিনি দাবি করেন, পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছু অসাধু ব্যক্তি কৃত্রিম সংকট তৈরি করছে। অনেক মোটরসাইকেল চালক দিনে ৫ থেকে ৭ বার তেল নিয়ে বাইরে চড়া দামে বিক্রি করছেন। ফলে প্রকৃত প্রয়োজন আছে এমন গ্রাহকরা তেল পাচ্ছেন না এবং পাম্পে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। জ্বালানি ঘাটতির চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা। পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে তেল পরিবহনের সময় ট্যাংকারগুলো পথে লুট হওয়ার উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা না হলে যেকোনো সময় জেলার সব পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। সরেজমিনে দেখা গেছে, পাম্পগুলোতে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে খালি হাতে ফিরছেন। পাম্পের কর্মীরাও দীর্ঘসময় বিরামহীন দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্যের এই পরিদর্শনে আগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কবির হোসেন এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তেলের সরবরাহ নিশ্চিত এবং পাম্পগুলোর নিরাপত্তা জোরদার করা না হলে জনদুর্ভোগ আরও চরমে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।