সাংবাদিকতা কোনো সহজ পেশা নয়, বরং প্রতিটি পদে পদে ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, “সত্য উদঘাটনের পথে সাংবাদিকদের মৃত্যুর হুমকিও আসতে পারে, তবুও সত্য প্রকাশে পিছিয়ে থাকা যাবে না।” একইসঙ্গে তিনি সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষতা বাড়াতে এর কোনো বিকল্প নেই। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বগুড়ার হোটেল নাজ গার্ডেনে ৯০ দশকের স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে “সাংবাদিকতার একাল-সেকাল”শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বগুড়ায় কর্মরত তরুণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা এবং অধিকার নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। এছাড়া সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন কর্মের নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকত। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট ও অতীতের তুলনামূলক চিত্র তুলে ধরেন। তারা বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে সাংবাদিকতার ধরণ অনেক বদলেছে, তবে ঝুঁকি ও চাপ আগের তুলনায় কমেনি, বরং অনেক ক্ষেত্রে বেড়েছে। বিশেষ করে মাঠপর্যায়ে কাজ করা সাংবাদিকদের নানা ধরনের হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হচ্ছে। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা এবং দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ জরুরি। পাশাপাশি তাদের জন্য ন্যায্য বেতন-ভাতা, স্বাস্থ্যসেবা, বীমা সুবিধা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। আলোচ্য বিষয় হিসেবে সাংবাদিকদের ঝুঁকি প্রতিরোধ, বেতন-ভাতা বৃদ্ধি এবং সকল ধরনের সুযোগ-সুবিধার আওতায় আনার বিষয়টি গুরুত্ব পায়। বক্তারা একমত পোষণ করেন যে, সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা ব্যাহত হবে। সভায় অংশগ্রহণকারী তরুণ সাংবাদিকরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলায় সিনিয়রদের দিকনির্দেশনা কামনা করেন। তারা বলেন, সাংবাদিকতা পেশায় টিকে থাকতে হলে সাহস, সততা এবং পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষে বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সত্য ও ন্যায়ের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।