চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০ লাখ ২০ হাজার ৫'শ টাকার ভারতীর পাতার বিড়ি ও কারেন্ট জাল আটক করেছে বিজিবি। রবিবার গভীররাতে উপজেলার রহনপুর ইউনিয়নের রামদাসপুর বিল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এগুলো আটক করা হয়। এর মধ্যে ভারতীয় পাতার বিড়ি ৩ লাখ ৫৯ হাজার ৫০০ পিস ও ১৫৭ কেজি কারেন্ট জাল রয়েছে। ১৬, বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জব্দকৃত এই মালামালগুলোর আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে নওগাঁ ১৬ ব্যাটালিয়নের রহনপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামান ও রামদাসপুর বিওপির একটি যৌথ টহল দল রামদাস বিল নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময ওইস্থান থেকে ভারতীয় পাতার বিড়ি ৩,৫৯,৫০০ পিস ও ১৫৭ কেজি কারেন্ট জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য বিশ লক্ষ বিশ হাজার পাঁচশ টাকা। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মালামাল রহনপুর শুল্ক কার্যালয়ে জমা দেওয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। এদিকে তিনি আরও জানান,নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার,গরু,মাদক পাচার এবং অন্যান্য চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।