জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

এফএনএস | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০৫:৪১ পিএম
জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে জানিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত (প্যানিক) না হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে পর্যাপ্ত তেল মজুত আছে, তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরি করবেন না।

জ্বালানি পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দিন-রাত নিরলসভাবে কাজ করছি। গত বছরের তুলনায় এবার প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হয়েছে। ভর্তুকি দিয়ে হলেও আমদানি সচল রাখা হয়েছে এবং জনস্বার্থ বিবেচনা করে তেলের দাম বাড়ানো হয়নি।” তিনি আরও জানান, ঈদের ছুটির কারণে দুদিন সরবরাহ বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হলেও বর্তমানে তা পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।

এদিকে মন্ত্রীর এই আশ্বাসের বিপরীতে ভিন্ন সুর শোনা যাচ্ছে ‘বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন’-এর কণ্ঠে। সংগঠনটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় দাবি করেছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তার অভাবে যেকোনো সময় দেশের সকল পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। মালিকদের এই দাবি সাধারণ গ্রাহকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এর জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, “সরকার ভিন্ন ভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণ ও সংশ্লিষ্টরা সহযোগিতা করলে কোনো সমস্যা হবে না।” তিনি পরিস্থিতি মোকাবিলায় সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে