কুমিল্লার পদুয়া বাজার রেলক্রসিংয়ে মর্মান্তিক ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) লাকসাম রেলওয়ে থানায় এই মামলাটি করেন দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার। মামলায় অভিযুক্ত দুই গেটম্যান হলেন—হেলাল উদ্দিন ও মেহেদী হাসান।
লাকসাম রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত দুই গেটম্যান পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এর আগে গত রোববার দায়িত্ব অবহেলার দায়ে তাঁদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছিলেন, গেটম্যানদের পাশাপাশি সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার (২১ মার্চ) রাতে পদুয়া বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলে মোট ১২ জন প্রাণ হারান এবং অন্তত ২৪ জন গুরুতর আহত হন। বর্তমানে আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি কাজ করছে।