জ্বালানি তেল পেতে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, “৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।” পোস্টটি অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পোস্টটি প্রকাশের পরপরই সেটিতে হাজারো মানুষ প্রতিক্রিয়া জানান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় সাড়ে ১২ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে একই ধরনের ভোগান্তির কথা তুলে ধরেছেন।
এর আগে সোমবার (২৩ মার্চ) দেওয়া আরেকটি পোস্টেও একই অভিযোগ করেন তিনি। দীর্ঘ সময় অপেক্ষার পর তেল না পাওয়ার বিষয়টি তুলে ধরেন সেখানে। তার এই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যেও প্রতিফলিত হতে দেখা যায়।
পটভূমিতে রয়েছে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন ও চাপ। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহে পাম্পগুলোতে ভিড় করছেন। এতে কোথাও কোথাও কৃত্রিম সংকট ও দীর্ঘ অপেক্ষার পরিস্থিতি তৈরি হচ্ছে।
তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার প্রবণতাই মূলত এই ভোগান্তির বড় কারণ।