নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ১৪ জনকে আটক করেছে। সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নোয়াগ্রামের ভাঙ্গাড়ী শেখ গ্রুপ ও খায়রুল মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার রাত সাড়ে আটটার দিকে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে শটগানের গুলিতে অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষে মোল্যা বংশের মাহাবুর মোল্যা (৪০), রমজান মোল্যা (৫৫), মিন্টু মোল্যা (৫২), নাহিদ মোল্যা (২১), টুটুল মোল্যা (৩০), শাহীদুল মোল্যা (৪৮), রাজা মোল্যা (৫০), বাঁধন মোল্যা (২৬), তামিম মোল্যা (১৯), সুমন মোল্যা (২৮) এবং শেখ বংশের আজানুর শেখসহ (১৮) উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতরা নড়াইল সদর হাসপাতাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কালিয়া থানার ওসি (তদন্ত) হাসানুল কবির জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ২৫জন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান।