গাছে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ১২:৫৫ পিএম
গাছে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

যশোরের বাঘারপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতরা সম্পর্কে বাবা, ছেলে ও নাতনি।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায়, যশোর মাগুরা মহাসড়কের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়িতে দাওয়াত শেষে প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে গাইদঘাট কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি বটগাছের সঙ্গে ধাক্কা দেয়।

নিহতরা হলেন মনিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আব্দুল মজিদ সরদার, তার ছেলে মাহমুদুল হাসান জনি এবং জনির চার বছরের সন্তান মাহাবিন হাসান সেহেরিস। আহতদের মধ্যে রয়েছেন জনির স্ত্রী সাবরিনা জাহান সুমি, মা মনোয়ারা বেগম ও ছেলে শামিন আলমাছ।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন।” পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্য একটি সূত্রে জানা গেছে, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বারবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর কবীর বলেন, “দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আপনার জেলার সংবাদ পড়তে