আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০২:০৫ পিএম
আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার

আইএমএফ প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের পর অর্থমন্ত্রী ড. আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের অর্থনৈতিক খারাপ পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, “অনেক ধরনের রিফর্ম প্রোগ্রাম দরকার, এগুলো বাস্তবায়নের পদক্ষেপ আমরা গ্রহণ করছি।”

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সৌজন্য সাক্ষাৎ হয়। এর পর অর্থমন্ত্রী ও উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারসহ প্রতিনিধিদল বৈঠকে বসেন।

অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, ব্যবসা সহজ করা, খরচ কমানো এবং অন্যান্য পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা আগামি বাজেটে প্রতিফলিত হবে। তিনি বলেন, “জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ সংস্থানের বিষয়ও আলোচনায় এসেছে। ওয়াশিংটনে বিস্তারিত আলোচনা হবে।”

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ায় যুদ্ধের কারণে ঈদে পরিবহন সংকট বা দ্রব্যমূল্যের সমস্যা হয়নি। তিনি সবাইকে সংযমী ও সহানুভূতিশীল থাকার আহ্বান জানান।

আইএমএফের ঋণ ও কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “জুলাইয়ে ঋণ ছাড়ের বিষয়ে আলাপ হবে। এপ্রিলে ওয়াশিংটনে স্প্রিং মিটিংয়ে আরও বিস্তৃত আলোচনা হবে। আইএমএফের শর্তাবলী আমরা আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপটে ক্রমান্বয়ে বাস্তবায়ন করব। সবকিছু একসঙ্গে করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “উন্নয়ন প্রকল্পগুলো অনেক থমকে গিয়েছে। এগুলোকে পুনরুজ্জীবিত করতে হলে আমাদের অর্থনীতি একটি স্থিতিশীল জায়গায় নিয়ে আসতে হবে। আমরা কিছু পদক্ষেপ নিয়েছি, আরও নিতে হবে। যা নেওয়া হয়েছে তার প্রতিফলন বাজেটে দেখা যাবে।”

আপনার জেলার সংবাদ পড়তে