মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের আহ্বান এ্যানির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০২:৪১ পিএম
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের আহ্বান এ্যানির

মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে পুলিশ প্রশাসন ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে লক্ষ্ণীপুর সদর উপজেলার জয়পুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি এখনো গোপনে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত রয়েছে। তাদের পেছনে কোনো না কোনোভাবে সহযোগিতা রয়েছে বলেই তারা টিকে আছে। এ অবস্থা থেকে উত্তরণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি।

“পুলিশ প্রশাসন ও এলাকাবাসী একযোগে কাজ করলে এই এলাকা থেকে মাদক নির্মূল করা সম্ভব,”-বলেন তিনি।

এ্যানি আরও বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব এবং এটিকে তিনি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

এসময় তিনি সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও ফার্মাস কার্ডের মতো কর্মসূচি পর্যায়ক্রমে সবার কাছে পৌঁছে দেওয়া হবে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, নিজাম উদ্দিন ভূঁইয়া, বেলাল হোসেন, ইউছুফ ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে