যে কারণে পরিচালকের পদ থেকে পদত্যাগে করেছেন আমজাদ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৪:০৯ পিএম
যে কারণে পরিচালকের পদ থেকে পদত্যাগে করেছেন আমজাদ

বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। আগের দিনই আমজাদকে বিসিবির মিডিয়া কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছেন আমজাদ। গত রোববার রাতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানায়, মিডিয়া কমিটির সভাপতি করা হয়েছে বোর্ড পরিচালক মোখসেদুল কামালকে। আগে এই কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন মোখসেদুল। সভাপতির দায়িত্বে ছিলেন আমজাদ হোসেন। গত রোববার আমজাদকে সরিয়ে মোখসেদুলকে সভাপতি করা হয়েছে। পরের দিন অর্থাৎ গত সোমবার বিসিবির পরিচালকের পদ থেকে সরে গেছেন আমজাদ। নিজের পদত্যাগের ব্যাপারে এবার মুখ খুলেছেন আমজাদ। জানিয়েছেন পদত্যাগের কারণও। গণমাধ্যমের সাথে আলাপকালে সদ্য সাবেক বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেছেন, ‘(পদত্যাগের) কারণটি পুরোই আমার ব্যক্তিগত। আপনারা জানেন, আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৬ এর ছ তে, পরিচালনা পরিষদ চাইলে কোনো স্থায়ী কমিটি চাইলে পুনর্গঠন, পুনর্বিন্যাস করতে পারবে। হয়ত পরিচালনা পরিষদ মনে করেছে, আমি যে কমিটির দায়িত্বে ছিলাম সেটি পুনর্বিন্যাস করার। পরিচালনা পরিষদ যখন মনে করেছে, হয়তবা আমার সার্ভিস প্রয়োজন হবে না। তারপর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া।’ মিডিয়া কমিটি পুনর্বিন্যাসের ক্ষেত্রে কি আমজাদকে জানানো হয়েছিল? জবাবে আমজাদ বলেছেন, ‘আমাকে জানিয়েছিল হ্যাঁ। আমি মেনে নিয়েছি।’ জাতীয় ক্রীড়া পরিষদকে প্রায় হুমকি দিয়ে বিসিবির প্রেস বিজ্ঞপ্তি দেওয়া প্রসঙ্গে আমজাদ বলেছেন, ‘প্রেস বিজ্ঞপ্তি বিসিবির মিডিয়া ডিপার্টমেন্ট আপনাদের জানায়। এর মানে না, মিডিয়া ডিপার্টমেন্ট সব সিদ্ধান্ত নিচ্ছে। আমি অনেক দিন দেশে ছিলাম না। ১০ দিন ধরে কারও সাথে টাচে ছিলাম না। আমি ঠিক এই ব্যাপারে বলতে পারব না।’ আমজাদ আরও বলেছেন, ‘আমাকে তো বলা হয়নি কী কারণে একদম, আমাকে বলা হয়েছে বোর্ডের সিদ্ধান্ত, বোর্ডের সিদ্ধান্তের প্রতি আমার সম্মান থাকবে। সম্ভবত অনলাইন কলে আলোচনা করা হয়েছে এটা।’ উমরাহ পালনের জন্য সৌদি আরবে থাকায় দীর্ঘদিন বোর্ডের কোনো কাজের সাথে যোগাযোগ ছিল না আমজাদের। বিষয়টি উল্লেখ করে আমজাদ বলেছেন, ‘গত ১০ দিন আমি কারও সাথে যোগাযোগে ছিলাম না। আমি আসলে বলতে পারব না কী হয়েছে। আমি উমরাহতে ছিলাম। সেখানে একটা ইনটেনশন নিয়ে গিয়েছেন। অবশ্যই কাজে যুক্ত হতে চাইবেন না। আমি এটা নিয়ে বলতে পারছি না।’ সর্বশেষ বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিসিবি পরিচালক হয়েছিলেন আমজাদ হোসেন। কমিটি ভাগ করতে গিয়ে মিডিয়া কমিটির প্রধান করা হয়েছিল আমজাদকে। ৬ মাস কাজও করেছেন আমজাদ। অনেক সংবাদ সম্মেলনে কথাও বলেছেন। বোর্ডের প্রতি বার্তা দিতে গিয়ে বিদায়ী পরিচালক আমজাদ বলেছেন, ‘অবশ্যই চাই যেন বোর্ড ভালোভাবে পারফর্ম করে এগিয়ে যায়। আপনারা বোর্ডের ভালো কাজ তুলে ধরবেন সবসময় যে সমালোচনা করবেন এমন না। ভালো কাজগুলোও তুলে ধরবেন।’ কাজে কোনো সমস্যা মোকাবেলা করতে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আমজাদ বলেন, ‘না না আমি আর কোনো সমস্যা ফেইস করিনি। আমি আমার কাজের সময়ে কাজ উপভোগ করেছি। এটা সম্মানের ব্যাপার ছিল বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করা।’ ২৫ জন বোর্ড পরিচালকের মধ্যেই আগেই পদত্যাগ করেছিলেন ইশতিয়াক সাদেক। এবার পরিচালকের পদ থেকে সরে গেলেন আমজাদ হোসেন। বাকি রইলেন আর ২৩ পরিচালক।

আপনার জেলার সংবাদ পড়তে