ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ২৪ মার্চ, ২০২৬, ০৪:৩৩ পিএম | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৪:৩২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে পূর্ব শক্রতার জেরে আবারও  ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত   ও নারী-পুরুষসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে বিএনপি সমর্থক  রহিম তালুকদার পক্ষ  ও স্বতন্ত্র প্রার্থী  সমর্থিত কাশেম মিয়া পক্ষের লোকজনের  মধ্যে এ সংঘর্ষ ঘটনা ঘটে।

এঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটে প্ররোচনার অভিযোগে মো. জিয়া মিয়াকে সেনাবাহিনী আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৭১ ধারায় ১৫ দিনের কারাদণ্ড দেন।

তিন দিন আগে জিয়া মিয়া কারাগার থেকে মুক্ত হয়ে এলাকায় আসনে। তার সন্দেহ ছিল,স্বতন্ত্র প্রার্থী পক্ষের শিশু মিয়া সেনাবাহিনীর কাছে তথ্য দিয়ে তাকে গ্রেফতারে সহযোগিতা করেছিলেন। এই সন্দেহ সম্প্রতি জিয়াউর রহমান শিশু মিয়াকে আটক করে মারধর করেন এবং তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে গত গত ১৭ মার্চও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

আজ মঙ্গলবার সকালে সেই উত্তেজনা চরমে পৌঁছালে গেয়ালনগরের লালুয়ারটুকু,দক্ষিণদিয়া,শিবপুর, জামারবালি,মাইজখোলা,কদমতলী এবং  গোয়ালনগর,মাছমা,রামপুরের  উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে ঘটনাস্থলেই মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান(৩৫) ও আক্তার মিয়ার( ৪৫) মৃত্যু হয় এবং  ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ  ও চাতলপাড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান পূর্ব শক্রতা জেরে সকাল থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে