ঢাকা শহরের দীর্ঘদিনের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নকে কেন্দ্র করে মঙ্গলবার (২৪ মার্চ, মঙ্গলবার) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজধানীর ট্রাফিক পরিস্থিতি উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করা হয়।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
সভায় প্রধানমন্ত্রীর দৃষ্টি ছিল দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার উপর। নগরবাসীর দুর্ভোগ কমাতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। কর্মকর্তারা বিভিন্ন সড়ক ও এলাকায় যানজট নিরসনের জন্য সম্ভাব্য সমাধান এবং প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
সরকারি সূত্র জানায়, বৈঠকে ট্রাফিক লাইট ব্যবস্থাপনা, সরকারি এবং বেসরকারি পরিবহন সমন্বয়, সড়ক বিভাজন ও বাস ট্র্যাক প্রবর্তনসহ বিভিন্ন কার্যকরী উদ্যোগ দ্রুত গ্রহণের প্রস্তাব উঠে এসেছে। সভা শেষে কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে যানজট নিরসন ও ট্রাফিক আধুনিকায়ন কার্যক্রমের তদারকিতে নজর রাখবেন।
ঢাকা শহরের যানজট লাঘবে এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক ও পরিকল্পনা কার্যকর হলে নগরবাসীর দৈনন্দিন যাতায়াত অনেকাংশে সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।