ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেছে মামাতো ও ফুফাতো ভাইয়ের। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ২৪ মার্চ সকালে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে।
মৃতরা হলো, গৌরনদী উপজেলার পশ্চিম ভুরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের তিনবছরের একমাত্র ছেলে রমজান হাওলাদার এবং আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার তিনবছরের একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা।
মৃতদের নানা মোশারফ হাওলাদার জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে রমজান ও মোহাম্মদ বাড়ির উঠানে একসাথে খেলা করছিলো। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পরে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন।