লুটপাট ও টাকা পাচারে ৭-৮টি ব্যাংক অচল, অভিযোগ পানিসম্পদ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৫:০৭ পিএম
লুটপাট ও টাকা পাচারে ৭-৮টি ব্যাংক অচল, অভিযোগ পানিসম্পদ মন্ত্রীর

বিগত সরকারের সময়ে লুটপাট ও টাকা পাচারের কারণে দেশের ৭-৮টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (২৪ মার্চ, মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বগ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী জানান, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রায় ১৫ কোটি টাকা একটি ব্যাংকে আটকে আছে। সেই অর্থ আদৌ উদ্ধার করা যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, “ভাগ্যের নির্মম পরিহাস, যা আছে সেই সম্পদটাও জব্দ। শেষ পর্যন্ত তাও পাওয়া যাবে কি না, তা কঠিন ব্যাপার। শুধু একটি ব্যাংক নয়, দেশে আরও কয়েকটি ব্যাংক একই অবস্থায় রয়েছে।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি কঠিন সময়ে দায়িত্ব নিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ সহজ নয়। এজন্য সংশ্লিষ্ট সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন। “একটা কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময় পার করাও কঠিন,” বলেন তিনি।

মেগা প্রকল্প নিয়েও সমালোচনা করেন পানিসম্পদ মন্ত্রী। তার ভাষায়, “সারাদেশে অনেক মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু এর প্রকৃত সুফল সাধারণ মানুষ পায়নি। এক হাজার কোটি টাকার প্রকল্প দশ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করা হয়েছে। মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে।”

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন কিংবা সড়ক বিভাগ, যেখানেই দুর্নীতি হোক না কেন, সংশ্লিষ্টদেরই দায় নিতে হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তিনি সরকারি কর্মকর্তা হোন বা রাজনৈতিক ব্যক্তি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সরকার সম্পূর্ণভাবে সতর্ক।”

জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে