ঈদে চাটমোহরের বিনোদন স্পটগুলো মুখরিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৫:৪৪ পিএম
ঈদে চাটমোহরের বিনোদন স্পটগুলো মুখরিত

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে ঈদের আনন্দ আরো বাড়িয়ে তুলতে পাবনার চাটমোহর উপজেলার বিনোদন স্পটগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বিশেষ করে চলনবিল অঞ্চলের বিল সড়কগুলোতে হাজার হাজার বিনোদনপ্রেমিদের ভিড়।

ঈদের দিন শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিনোদন স্পটগুলো দর্শনার্থীদের সমাগম চোখে পড়ার মতো। শিশু থেকে বৃদ্ধ,কিশোর,যুবক-যুবতি,গৃহবধূসহ নানা বয়সী মানুষ ঈদের আনন্দ স্বজনদের সাথে ভাগাভাগি করতে এসকল স্থানে ভিড় করে। 

চাটমোহর-মান্নাননগর সড়কের বওশা ব্রিজ,দরাপপুর ব্রিজ,চাটমোহর-কাছিকাটা সড়কের বোয়াইলমারী বিল,চাটমোহর-পাবনা সড়কের ইদিলপুর চিকনাই নদীর দৃষ্টিনন্দন ব্রিজসহ বিলাঞ্চলের নানা স্থানে বিকেলে প্রকৃতির স্পর্শ পেতে আর নির্মল বাতাসে গা জুড়াতে জড়ো হয় হাজার হাজার নারী-পুুরুষ। পাশাপাশি আরণ্যক পার্ক,ডাকাতের ভিটা,উপজেলা পরিষদ শিশু পার্ক,রেলওয়ে পার্কসহ বিভিন্ন স্থানে মানুষের ব্যাপক উপস্থিতি ছিলো। শুধু স্থানয়িরাই নন,পাবনাসহ বিভিন্ন উপজেলা থেকে অনেকেই এসেছে বেড়াতে এসকল স্পটে।  

পাবনা থেকে আসা মাসুদ আলম বলেন,বওশা ও দরাপপুর ব্রিজে বর্ষার সময় এসেছি। এবার ঈদের কারণে শুকনো মৌসুমেই আসলাম বেড়াতে। ভালো লাগছে। উৎসবের আমেজে বিল আর সেতুর সৌন্দর্য মনোমুগ্ধকর।

দর্শনার্থীদের নিরাপত্তায় থানা পুলিশ টহল জোরদার করেছে বলে জানালেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে