‘ফ্যাসিবাদী মনোজগত’ বুঝে তা প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৫:৫০ পিএম
‘ফ্যাসিবাদী মনোজগত’ বুঝে তা প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর

ফ্যাসিবাদী সংস্কৃতির মূলোৎপাটনে এর উৎস গভীরভাবে বোঝার ওপর জোর দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি মনে করেন, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা বিশ্লেষণ করলেই ভবিষ্যতে এমন প্রবণতা প্রতিরোধ করা সম্ভব।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজনৈতিক ইতিহাস, নির্বাচন ও সমাজব্যবস্থা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

তথ্যমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদী মনোজগতের মূল উপাদান কোথায় থাকে, তা আরও ভালো করে বুঝতে হবে। যত বেশি বুঝব, তত বেশি আমরা আমাদের মনোজগতকে ভাইরাসমুক্ত রাখতে পারব।” তিনি আওয়ামী লীগ শাসনামলের তিনটি জাতীয় নির্বাচনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আরও গভীরভাবে বিশ্লেষণের আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া ছাড়া সুশাসনের পথ তৈরি হয় না। “ইতিহাসের শিক্ষা গ্রহণ করা এবং তা চর্চা করার মধ্যেই সঠিক সুশাসনের গতি নির্ভর করে,” বলেন তিনি। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, সরকার ধারাবাহিকভাবে ইতিহাসের শিক্ষা চর্চা করবে।

বইটির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এ ধরনের গবেষণাধর্মী প্রকাশনা সমাজে ‘অ্যান্টিভাইরাস’ হিসেবে কাজ করতে পারে। এতে রাজনৈতিক নেতাকর্মীরা অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পারবেন। তিনি বলেন, “এই ধরনের প্রকাশনা আমাদের ভুল থেকে দূরে থাকতে সাহায্য করবে।”

তরুণ প্রজন্মের ভূমিকা নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিতর্কচর্চা না থাকলে সমাজ স্থবির হয়ে পড়ে। “যে সমাজ বিতর্ককে ভয় পায়, সে সমাজ এগোতে পারে না,” বলেন তিনি। অন্ধভাবে কিছু গ্রহণ না করে তা বুঝে গ্রহণ করার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বইটির লেখক হাসান আহমেদ চৌধুরী কিরণ-এর প্রশংসা করে তিনি বলেন, বিতর্ক সংস্কৃতি জনপ্রিয় করতে তার অবদান উল্লেখযোগ্য। ভবিষ্যৎ প্রজন্মকে যুক্তিনির্ভর চিন্তা ও সমালোচনামূলক বিশ্লেষণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা।

আপনার জেলার সংবাদ পড়তে