২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। নতুন সরকারের এটি প্রথম বাজেট, যা পেশ করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সংসদ সচিবালয় ও অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সাধারণত প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপন করা হয়। তবে এবার কোরবানির ঈদের ছুটি ওই সময় পড়ায় বাজেট এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে জুনের দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস বৃহষ্পতিবার দিনটি নির্ধারণ করা হয়েছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রাকবাজেট কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন অংশীজন ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে মতামত নেওয়া হচ্ছে। এসব পরামর্শের ভিত্তিতেই চূড়ান্ত করা হবে বাজেটের আকার ও অগ্রাধিকার খাত।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবারের বাজেটের আকার এখনও নির্ধারিত হয়নি। তবে জনবান্ধব ও বাস্তবসম্মত বাজেট প্রণয়নের লক্ষ্যেই এই বিস্তৃত আলোচনা চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের নীতি ও অগ্রাধিকার এই বাজেটে প্রতিফলিত হবে।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছিল। নির্বাচিত সংসদ না থাকায় তখন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরেন।