কুমিল্লায় দায়িত্বে অবহেলায় ট্রেন দুর্ঘটনা, ছিলো না ২ গেটম্যান: র‌্যাব

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০১:০১ পিএম
কুমিল্লায় দায়িত্বে অবহেলায় ট্রেন দুর্ঘটনা, ছিলো না ২ গেটম্যান: র‌্যাব
ছবি, সংগৃহিত

কুমিল্লার পদুয়ার বাজারে বাসে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে ১২ জনের মৃত্যু এবং আহত হয়েছে বেশ কয়েকজন। এক ঘটনায় গেটম্যানের দায়িত্ব অবহেলা চিহ্নিত করেছে র‍্যাব। 

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক জানান, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযুক্ত গেটম্যান মো. হেলালকে (৪১) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

লে. কমান্ডার মো. নাঈম উল হক বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে মো. হেলাল নামে ওই গেটম্যানকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, কর্তব্যরত গেটম্যান রেলক্রসিংয়ের গেট বন্ধ না করায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সময় দুই গেটম্যান মো. হেলাল ও মেহেদী হাসান কেউই ঘটনাস্থলে ছিলেন না। তাদের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গ্রেপ্তার হেলালকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অন্য আসামিকে গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্ণীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসে ট্রেনে ধাক্কার ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হন। এই ঘটনায় বাসের যাত্রী নিহত সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ওই রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে আসামি করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে