দেশে পুরুষদের তুলনায় নারী সাংবাদিকরা অনেক বেশি মৌখিক, অনলাইন ও শারীরিক হয়রানির শিকার হয়েছেন। ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স’র এক জরিপে উঠে এসেছে, কর্মক্ষেত্রে দেশের ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার হয়েছেন। এরমধ্যে নারীরা হয়রানীর শিকার বেশি।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ‘গণমাধ্যমকর্মীদের জন্য যৌন হয়রানি প্রতিরোধ প্রটোকল’ প্রকাশ অনুষ্ঠানে জরিপের এ ফলাফল তুলে ধরা হয়। জরিপের ফলাফল তুলে ধরেন বিবিসি মিডিয়া অ্যাকশনের আরাফাত সিদ্দিকী।
২০২৫ সাল বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স’ ৩৩৯ জন সাংবাদিকের ওপর এই জরিপ পরিচালনা করে। এতে অংশ নেওয়াদের মধ্যে ১০০ জন নারী ও ১৯০ জন পুরুষ সাংবাদিক ছিলেন।
জরিপে দেখা যায়, মোট সাংবাদিকদের ১৫ শতাংশ কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে নারীদের ক্ষেত্রে হয়রানির মাত্রা উল্লেখযোগ্যভাবে বেশি।
ফলাফলে দেখা যায়, হয়রানির শিকার হওয়া নারীদের মধ্যে ৬০ শতাংশ মৌখিক হয়রানির অভিযোগ করেছেন, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার মাত্র ৯ শতাংশ। অনলাইন হয়রানির শিকার হয়েছেন ৪৮ শতাংশ নারী এবং ১৫ শতাংশ পুরুষ সাংবাদিক। এছাড়া শারীরিক হয়রানির শিকার হয়েছেন ২৪ শতাংশ নারী ও ৭ শতাংশ পুরুষ।
আরও উদ্বেগজনক তথ্য হলো, জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষ ধর্ষণের শিকার হওয়ার কথাও জানিয়েছেন।
জরিপে কর্মক্ষেত্রে যৌন হয়রানির ঘটনায় প্রাতিষ্ঠানিক পদক্ষেপের দুর্বলতাও স্পষ্ট হয়েছে। বিশেষ করে মৌখিক হয়রানির ক্ষেত্রে এই দুর্বলতা বেশি। দেখা গেছে, মৌখিক হয়রানির অভিযোগকারী নারীদের ৪৩ শতাংশ এবং পুরুষদের ৬০ শতাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর যেসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলোর বেশিরভাগই অভিযুক্ত ব্যক্তিকে শুধু সতর্ক করার মধ্যেই সীমাবদ্ধ ছিল।