বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু রাফির

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৬:০১ পিএম
বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু রাফির

রাজশাহীর বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ বছরের শিশু রাফি আহমেদের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) তার মৃত্যু হয়। শনিবার (২১ মার্চ) ঈদের তিন বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা এলাকার চকরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  জানা গেছে, আড়ানী বাজার-স্টেশন বাজার সড়কের চকরপাড়া মাদ্রাসার বাড়ির পূর্ব পাশের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল রাফিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাফিকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক)-এ নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার মুখের হাড় ভেঙে যায় এবং ঘাড়ে গুরুতর আঘাত লাগে। টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার তার মৃত্যু হয়। রাফির বাড়ি কুষ্টিয়া হলেও সে ছোট বেলা থেকে নানা আনার রহমানের বাড়িতে বড় হচ্ছিল। তার বাবা রুহুল আমিন ও মা খুশি আক্তার। রাফির নানা আনার রহমান বলেন, খেলার কথা বলে রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় রাফি। দ্রুত হাসপাতালে নিয়েছিলাম, কিন্তু চার দিন লড়াই করার পর সে আমাদের ছেড়ে চলে গেল। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষী চালকের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে