সারিয়াকান্দিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শয়ন (২৪) নামে এক বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। নেশা জাতীয় মাদক বাবা খাওয়া নিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে, স্থানীয়রা মনে করছেন। পরে রাত ৯ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. শয়ন (২৪) ওই ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। তিনি জোড়গাছা এলাকায় হাট -বাজারে খাজনা তোলার কাজ করতেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী।স্থানীয়রা জানান, সে তার সহকর্মীদের নিয়ে রাত আটটার দিকে মাদকদ্রব্য বাবা খাচ্ছিলেন।এমন সময় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা জানান, রাতে শয়ন জোড়গাছা পূর্বপাড়ার টগরের ছ' মিল এলাকায় গিয়েছিলেন। সেখানে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে শজিমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আসার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা ভেলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমি জানান, আমি বগুড়া শহরে বাস করি। ফোনে খবর পেয়ে হাসপাতালে আসছি। এসে দেখি শাওনকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না। তবে এখানে আসার পর জানতে পেরেছি তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে। তার সাথে কারো কোনো দ্বন্দ্ব ছিল, এমনটাও আমাদের জানা নেই। নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন জানান, শয়ন সারিয়াকান্দির একজন একনিষ্ঠ কর্মী। তার হত্যার খবর আমরা খুবই মর্মাহত। এর সুষ্ঠু বিচার দাবি করছি। ছিলিমপুর শহীদ জিয়াউ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, তার বুকের নিচে ছুরিকাঘাতের জখম রয়েছে। হাসপাতালর আনার পথেই তিনি মারা গেছেন। ওসিকে পাওয়া যায়নি,তবে সারিয়াকান্দি থানার তদন্ত (পরিদর্শক) নুর আলম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। হত্যার কারণ পুলিশ খতিয়ে দেখছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।