দীর্ঘ বিরতির পর শুরু হলো জাতীয় প্যারেড

এফএনএস | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ১২:২৪ পিএম
দীর্ঘ বিরতির পর শুরু হলো জাতীয় প্যারেড

দীর্ঘ বিরতির পর স্বাধীনতা দিবসে আবারও জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। প্রায় দেড় যুগ পর আয়োজিত এই প্যারেডে অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১০টার দিকে মিলিটারি পুলিশের সুসজ্জিত মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে প্যারেড গ্রাউন্ডে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে প্যারেড মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান সংশ্লিষ্ট মন্ত্রীবৃন্দ ও তিন বাহিনীর প্রধানরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা।

অনুষ্ঠানস্থলে জাতীয় সংগীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল এসএম আসাদুল হক। পরিদর্শন শেষে অভিবাদন মঞ্চে ফিরে রাষ্ট্রপতি কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০০৮ সালের পর দীর্ঘ ১৮ বছর পর স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় আবারও যুক্ত হলো এই কুচকাওয়াজ। এর আগে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে স্বাধীনতা দিবসে এ আয়োজন বন্ধ থাকলেও বিজয় দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হতো।

বর্তমান সরকারের উদ্যোগে এবারের স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণভাবে প্যারেড আয়োজনের জন্য রমজানের শুরু থেকেই প্রস্তুতি নেওয়া হয়। চূড়ান্ত রিহার্সেলের মাধ্যমে সেই প্রস্তুতি সম্পন্ন করে আজকের এই আয়োজন বাস্তবায়ন করা হয়েছে।