ঈদের ছুটি শেষ হলেও রাজধানীতে এখনো কাটেনি উৎসবের আমেজ। এর সঙ্গে যুক্ত হয়েছে টানা তিন দিনের ছুটি, ফলে ঢাকার সড়কগুলোতে এখনো দেখা যাচ্ছে অনেকটাই ফাঁকা চিত্র। কর্মজীবী মানুষের উপস্থিতি কম থাকায় গণপরিবহন চলাচলও সীমিত রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর শ্যামলী, কলেজগেট, আসাদগেট, সংসদ ভবন এলাকা, খামারবাড়ি, ফার্মগেট, বিজয় সরণি ও আগারগাঁও ঘুরে দেখা যায়— সড়কে স্বাভাবিক দিনের ব্যস্ততা নেই।
সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, গণপরিবহন চলাচল করলেও যাত্রীসংখ্যা খুবই কম। বাসস্ট্যান্ডগুলোতেও নেই তেমন ভিড়, নেই গাড়ির দীর্ঘ সারি। অনেক জায়গায় বাস অপেক্ষা করেও যাত্রী তুলতে পারছে না। ফলে পরিবহন সংশ্লিষ্টদের মধ্যেও এক ধরনের স্থবিরতা লক্ষ্য করা গেছে।
তবে গুরুত্বপূর্ণ মোড় ও ট্রাফিক পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়েছে।
সড়কে ব্যক্তিগত গাড়ির উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে। অনেকেই ছুটির এই সময়টাকে কাজে লাগিয়ে পরিবার নিয়ে বের হচ্ছেন বা শহরের ভেতরে ঘোরাঘুরি করছেন।
মিরপুর রুটে চলাচলকারী একটি পরিবহনের চালকের সহকারী জানান, অধিকাংশ মানুষ এখনো গ্রাম থেকে ঢাকায় ফেরেননি। তাই সড়ক প্রায় ফাঁকা এবং যাত্রীও খুব কম।
শতাব্দী পরিবহনের চালকের সহকারী হাবিব বলেন, ঈদের দুই দিন আগে থেকেই যাত্রী কমতে শুরু করেছে। এখনো সেই পরিস্থিতি পুরোপুরি কাটেনি। তবে বিকেলের দিকে বা সন্ধ্যার আগে কিছুটা যাত্রী বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
সব মিলিয়ে, ঈদের রেশ এখনো কাটেনি রাজধানীতে। ফাঁকা সড়ক, কম যাত্রী আর স্বস্তিদায়ক যাতায়াত— ঢাকার এই বিরল চিত্র হয়তো আরও কিছুদিন স্থায়ী হতে পারে।