৩৭ দিনের ছুটি শেষে কবে খুলছে প্রাথমিক বিদ্যালয়?

এফএনএস | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৮:৩৯ পিএম
৩৭ দিনের ছুটি শেষে কবে খুলছে প্রাথমিক বিদ্যালয়?

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন ছুটি মিলিয়ে টানা ৩৭ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) শেষ হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ ছুটি। তবে এর পরের দিন শুক্রবার (২৭ মার্চ) এবং শনিবার (২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় বিদ্যালয় খোলার দিন নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগে নির্ধারিত সূচি অনুযায়ী রোজার ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। কিন্তু অভিভাবকদের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তীতে নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। এরপর ২৭ মার্চ শুক্রবার ও ২৮ মার্চ শনিবার সাপ্তাহিক ছুটি নির্ধারিত ছিল। যদিও সরকার শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, তবে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে কি না— তা নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা ছিল।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের উপ-পরিচালক মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, বৃহস্পতিবার ছুটি শেষ হলেও শিক্ষক ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ২৮ মার্চ শনিবার বিদ্যালয় বন্ধ রাখা হবে। অর্থাৎ, আগামী শনিবারেও ছুটি থাকবে এবং এরপর থেকে নিয়মিত কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে ৪ এপ্রিল থেকে। অর্থাৎ, ওই তারিখের পর থেকে শনিবারেও বিদ্যালয় খোলা থাকবে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে কর্মরত আছেন প্রায় ৩ লাখ ৮৪ হাজার ৯৮১ জন শিক্ষক। আর প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৬৮৫ জন।

দীর্ঘ এই ছুটির পর শিক্ষার্থীরা আবারও শ্রেণিকক্ষে ফিরতে যাচ্ছে, ফলে শিক্ষা কার্যক্রমে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে