নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ (৩৫)। তিনি দেশটির ৪৭তম প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এ পদে নিয়োগ দেন।
আজ শুক্রবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শাহের পরনে ছিল ট্রাউজার্স ও জ্যাকেট, মাথায় ঐতিহ্যবাহী নেপালি টুপি ও চোখে সানগ্লাস-যা তার স্বতন্ত্র স্টাইলের প্রতিফলন ঘটায়। অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি এই মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির (আরএসপি) প্রার্থী হিসেবে বিজয় লাভ করেছেন।
শাহের উত্থান নেপাল রাজনীতিতে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতি,স্বজনপ্রীতি এবং প্রথাগত এলিট শাসনের বিরুদ্ধে মানুষের ক্রোধ তাঁর জনপ্রিয়তার মূল কারণ।
শুক্রবার (২৭ মার্চ) শপথ নেওয়ার আগে তিনি দেশটির ভবিষ্যতকে কেন্দ্র করে আশাব্যঞ্জক একটি গান প্রকাশ করেন, যা কয়েক ঘণ্টার মধ্যে দুই মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
২০০৯ সালে কাঠমান্ডুতে জন্ম নেওয়া শাহ প্রাথমিকভাবে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেন এবং পরে দক্ষিণ ভারতের কর্নাটকেও শিক্ষাজীবন সম্পন্ন করেন।
২০১৩ সালে জনপ্রিয় র্যাপ ব্যাটলে জয়ী হয়ে তিনি আলোচনায় আসেন। তাঁর জনপ্রিয় গান 'বালিদান' দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সমালোচনামূলক বার্তা বহন করে।
শাহ ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে স্বাধীন প্রার্থী হিসেবে ভূমিধস বিজয় লাভ করেন। মেয়রের পদে থাকাকালীন তিনি শহর পরিচ্ছন্নতা, ঐতিহ্য সংরক্ষণ এবং দুর্নীতি দমনসহ নানা উদ্যোগ নিয়েছিলেন। এছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে তাঁর পদক্ষেপ কিছু সমালোচনার মধ্যেও কার্যকর প্রভাব ফেলেছিল।