দেশের বাজারে টানা ৭ দফা কমানোর পর এবার সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
ভালো মানের স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করে বাজুস।
আজ শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে গতকাল দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা ছিল। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়।