ইরানে স্থল হামলার প্রস্তুতি, ‘কয়েক সপ্তাহের অভিযান’ ভাবছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০১:২৫ পিএম
ইরানে স্থল হামলার প্রস্তুতি, ‘কয়েক সপ্তাহের অভিযান’ ভাবছে যুক্তরাষ্ট্র

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা জড়ো করে সম্ভাব্য এ অভিযান পরিকল্পনা করা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কয়েক সপ্তাহ ধরেই এ স্থল অভিযানের পরিকল্পনা তৈরি করে রেখেছে। এতে স্পেশাল অপারেশন বাহিনী, মেরিন সেনা এবং পদাতিক ইউনিট অংশ নিতে পারে। ইতোমধ্যে ৪ হাজারের বেশি মেরিন সেনা উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং ৮২তম এয়ারবর্ন ডিভিশনের সদস্যরাও প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা যুদ্ধের এক নতুন ধাপ শুরু করবে। যা শুরুতে ধারণার চেয়ে আরও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে মার্কিন বাহিনীর জন্য। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, “এটি প্রচলিত স্থল হামলার মতো হবে না, বরং স্পেশাল ফোর্স ও কামান ইউনিটের সমন্বয়ে লক্ষ্যভিত্তিক রেইড পরিচালিত হবে।”

তবে এমন অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাদের ড্রোন, মিসাইল ও ভারী অস্ত্রের হামলার মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছেন কর্মকর্তারা। ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট বলেন, “প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো প্রস্তুতি নেওয়া, যাতে প্রেসিডেন্ট প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। পরিকল্পনা থাকলেই সিদ্ধান্ত হয়ে গেছে, এমনটা নয়।”

সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে আলোচনায় রয়েছে ইরানের খার্গ দ্বীপ, যা হরমুজ প্রণালির কাছে অবস্থিত। এখান থেকেই ইরান তাদের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করে। আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে এ অঞ্চলকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য এই স্থল অভিযান কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে, যদিও কিছু সূত্র বলছে এটি কয়েক মাস পর্যন্ত গড়াতে পারে।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে