ঈদের লম্বা ছুটির পর চেনা রূপে ফিরছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০১:৩৪ পিএম
ঈদের লম্বা ছুটির পর চেনা রূপে ফিরছে ঢাকা

ঈদের দীর্ঘ ছুটির পর আবারও চেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। রোববার (২৯ মার্চ) সকাল থেকে অফিস, আদালত, ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলায় নগরজীবনে গতি ফিরেছে। তবে সড়কে হঠাৎ বেড়ে যাওয়া যানবাহনের চাপের কারণে যাত্রীদের ভোগান্তিও বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

সকালের পর থেকেই মিরপুর, বাড্ডা, নতুনবাজার, গুলিস্তান ও মগবাজারসহ বিভিন্ন এলাকায় সড়কে যানবাহনের চাপ বাড়তে দেখা গেছে। বাসপয়েন্টগুলোতে দীর্ঘ সারি, কোথাও ধীরগতির যানচলাচল আবার কোথাও জটলার চিত্র চোখে পড়ে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

মগবাজার এলাকায় সকালেই বহু যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। কোনো বাসে সামান্য জায়গা পেলেই ছুটে যাচ্ছেন তারা। অধিকাংশ গণপরিবহনে যাত্রীর চাপ এতটাই বেশি যে দাঁড়ানোর জায়গাও নেই। অনেকে ঝুঁকি নিয়েই বাসের দরজায় ঝুলে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

বাড্ডা লিংক রোডে রাইদা পরিবহনের এক যাত্রী বলেন, “ছুটির পর আজ প্রথম অফিসে যাচ্ছি। প্রথম দিন দেরি হলে সমস্যা হবে, তাই ঝুঁকি নিয়েও উঠতে হচ্ছে।” নতুনবাজার এলাকার গাড়িচালক মোহাম্মদ রফিকের ভাষায়, “ঈদের পর প্রথম কর্মদিবস, তাই চাপ বেশি। তবে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে।”

গুলিস্তান ও কলেজগেট এলাকাতেও একই চিত্র দেখা গেছে। গুলিস্তানে ধামরাই পরিবহনের এক যাত্রী বলেন, “ফাঁকা গাড়ির জন্য অপেক্ষা করলে আজ অফিসে পৌঁছানো যাবে না।” কলেজগেটে দাঁড়িয়ে থাকা বেসরকারি চাকরিজীবী রেজাউল আমিন বলেন, “কয়েকদিন খুব আরামে চলাচল করেছি, কিন্তু আজ রাস্তায় সেই পুরোনো ভিড় ফিরে এসেছে।”

পরিস্থিতির চাপে অনেকেই হাঁটার পথ বেছে নিচ্ছেন। বাঁশতলা থেকে বারিধারার উদ্দেশ্যে হেঁটে যাওয়া শফিকুল ইসলাম বলেন, “প্রতিটি বাসে এত ভিড় যে ওঠার সুযোগ নেই। অফিস কাছাকাছি হওয়ায় হেঁটেই যাচ্ছি।”

সড়কের শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। তারা বাসপয়েন্টে নিয়ন্ত্রিতভাবে যাত্রী ওঠানামা নিশ্চিত করছেন এবং প্রধান সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে রাখছেন। দায়িত্বে থাকা এক সদস্য বলেন, “যানজট এড়াতে গাড়ি দাঁড়িয়ে থাকতে দিচ্ছি না, সড়কের গতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।”

প্রসঙ্গত, ১৭ মার্চ শবে কদরের ছুটি দিয়ে শুরু হয়ে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের টানা ছুটি ছিল। ২১ মার্চ ছিল ঈদের দিন। এরপর ২৪ ও ২৫ মার্চ অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় ঢাকায় ফেরা ধীরগতিতে হয়। ফলে রোববার (২৯ মার্চ) থেকে রাজধানীতে কর্মচাঞ্চল্য ধীরে ধীরে পুরোপুরি ফিরে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে