দৌলতদিয়া বাস ডু‌বি: ঘাট প‌রিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০২:০০ পিএম
দৌলতদিয়া বাস ডু‌বি: ঘাট প‌রিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাট থেকে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কমিটির সদস্যরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘাট ও সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখেন।

তদন্ত কমিটির আহ্বায়ক, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের দল দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট পরিদর্শন করে। পরে তারা দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটিও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কমিটির সদস্যরা বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তারা দুর্ঘটনার প্রেক্ষাপট, ঘাটের ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে তথ্য সংগ্রহ করেন।

পরিদর্শন শেষে মো. মুহিদুল ইসলাম বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।”

এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে নামে। পরে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা জোরদার করে।

প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও ক্রেন দিয়ে বাসটি তোলার পর মৃতের সংখ্যা বাড়তে থাকে। সবশেষ এই দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার জেলার সংবাদ পড়তে