অনলাইনে রিটার্ন দাখিল বেড়েই চলেছে, ৪১ লাখ ছাড়াল সংখ্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইনে রিটার্ন দাখিল বেড়েই চলেছে, ৪১ লাখ ছাড়াল সংখ্যা

২০২৫-২০২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ৪১ লাখ ৫০ হাজারেরও বেশি করদাতা। রোববার (২৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে সময় বাড়ানোর অনলাইন আবেদন ব্যবস্থায়ও করদাতাদের ব্যাপক সাড়া মিলছে বলে জানানো হয়েছে।

এনবিআর জানায়, চলতি করবর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে ৫০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন, যার মধ্যে বড় একটি অংশ রিটার্ন জমা দিয়েছেন।

করদাতাদের সুবিধার্থে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে করদাতারা আগাম আবেদন করে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় পেতে পারেন।

এনবিআর আরও জানিয়েছে, সময় বৃদ্ধির আবেদন প্রক্রিয়া সহজ করতে ই-রিটার্ন সিস্টেমে ‘Time Extension’ নামে একটি অপশন চালু করা হয়েছে। করদাতারা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে সহজেই এই অপশনের মাধ্যমে আবেদন করতে পারছেন।

সংস্থাটি জানায়, ইতোমধ্যে পাঁচ হাজারের বেশি করদাতা অনলাইনে সময় বাড়ানোর আবেদন করেছেন, যার অধিকাংশই দ্রুত অনুমোদন পেয়েছে। সংশ্লিষ্ট কর কমিশনাররা অনলাইনেই এসব আবেদন নিষ্পত্তি করছেন, ফলে প্রক্রিয়াটি হয়েছে আরও দ্রুত ও স্বচ্ছ।

এনবিআর বলছে, অনুমোদিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতাদের কোনো জরিমানা বা অতিরিক্ত কর দিতে হবে না। তবে এই সুবিধা পেতে হলে নির্ধারিত সময়ের আগে আবেদন করা বাধ্যতামূলক।

আপনার জেলার সংবাদ পড়তে