জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রোববার (২৯ মার্চ) আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে। রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার ব্যবস্থায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে এই সিটি করপোরেশন নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলটি তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থীকে প্রধান্য দিয়ে চমক দেখাতে পারে।
এনসিপি সূত্রে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে প্রার্থীর নামের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা ও দলের স্থানীয় ইস্যু সম্পর্কিত পদক্ষেপও প্রকাশ করা হতে পারে। রাজনৈতিক মহলে এ ঘোষণা যথেষ্ট কৌতূহল সৃষ্টি করেছে।
প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে এনসিপির দলের স্থানীয় কার্যক্রম ও প্রচারণার ধারা ত্বরান্বিত হতে পারে।