দিনাজপুরে এমবিএসকে সংস্থার পক্ষ থেকে জাহাঙ্গীর এমপিকে সংবর্ধনা

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০৬:১৭ পিএম
দিনাজপুরে এমবিএসকে সংস্থার পক্ষ থেকে জাহাঙ্গীর এমপিকে সংবর্ধনা

দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, দিনাজপুরের মাটি ও মানুষের উন্নয়নে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) যেভাবে তৃণমূল পর্যায়ে নারী শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। দিনাজপুরের অসহায় ও পিছিয়ে পরা নারীদের ভাগ্য উন্নয়নে জিও-এনজিওদের যথেষ্ট ভূমিকা রয়েছে। আমি সকল জনকল্যাণমূলক কাজে আপনাদের পাশে থাকব। আজ রোববার (২৯ মার্চ) দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ এমবিএসকে’র প্রধান কার্যালয়ের হলরুমে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের (এমবিএসকে) উদ্যোগে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসা. সুলতানা রাজিয়া খাতুনের সভাপতিত্বে এবং সহকারী এমআইএস অফিসার মো. নুর নবীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপনির্বাহী প্রধান সৈয়দ মুস্তাহিদ হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন ঋণ সমন্বয়কারী মো. আশরাফুল আলম, সিনিয়র হিসাব রক্ষক মো. আমিনুজ্জামান ও এইচআর ম্যানেজার মোর্শেদা পারভীন মলি।  এমবিএসকে’র উপনির্বাহী প্রধান সৈয়দ মুস্তাহিদ হোসেন বলেন, একজন দক্ষ ও দুরদর্শী নেতাকে জনপ্রতিনিধি হিসেবে পেয়ে দিনাজপুরের মানুষ আনন্দিত।  নির্বাহী প্রধান মোসা. সুলতানা রাজিয়া খাতুন বলেন, আমাদের বিশ্বাস সংসদ সদস্য হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুরে নারীদের ভাগ্য উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবেন।  সভার শুরুতে এমবিএসকে’র পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় এমবিএসকে’র সর্বস্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাঠ পর্যায়ের কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে