শ্যামনগর উপকূলের শিক্ষার্থীদের পুষ্টিকর টিফিন সরবরাহ কার্যক্রম শুরু

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০৬:৩৯ পিএম
শ্যামনগর উপকূলের শিক্ষার্থীদের পুষ্টিকর টিফিন সরবরাহ কার্যক্রম শুরু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ হাজার ৯০৯ জন শিক্ষার্থীর জন্য পুষ্টিকর টিফিন সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে এই খাবার পৌঁছে দিচ্ছে উন্নয়ন সংস্থা ‘সুশীলন’। এখন থেকে টিফিনে শিক্ষার্থীরা সেদ্ধ ডিম, কলা বা মৌসুমি ফল, পুষ্টিকর বনরুটি, ফর্টিফাইড বিস্কুট ও ইউএইচটি দুধ পাবে। রবিবার (২৯ মার্চ) সকালে শ্যামনগর হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দারিদ্র্য ও অপুষ্টির কারণে অনেক শিশু নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না, এমনকি মাঝপথে পড়াশোনাও ছেড়ে দেয়। ঝরে পড়ার এই প্রবণতা রোধে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে। এটি শিশুদের মেধাবিকাশ ও সুস্বাস্থ্য নিশ্চিত করবে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম চালু হবে বলেও তিনি জানান। সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক। সুশীলনের উপপরিচালক শাহীনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে মোস্তফা নুরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সুশীলন পুষ্টিকর ও মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করবে। এই খাবারের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ক্যালরি, প্রোটিন ও ভিটামিন পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, টিফিনে বৈচিত্র্যময় ও পুষ্টিকর খাবার পাওয়ার ফলে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার বাড়বে এবং তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। একটি সুস্থ ও শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে