চোটের সাথে যেন দারুণ সখ্যতা ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের। একবার চোটে পড়ছেন, সেই চোট থেকে সেরে উঠতে না উঠতেই আবারও চোটে পড়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে বেশিরভাগ সময়ই চোটে ভুগতে দেখা যায় স্টোকসকে। সর্বশেষ জানুয়ারি মাসে অ্যাশেজের ৫ম টেস্টে কুঁচকির চোট পাওয়ার পর থেকেই খেলার বাইরে আছেন বেন স্টোকস। কাউন্টিতে ডারহামের হয়ে সহসাই খেলা হচ্ছে না তার। ডারহামের একাডেমির প্লেয়ারকে নেটে তালিম দিতে গিয়ে মুখে বলের গুরুতর আঘাতে চোটে পড়েন স্টোকস। যে কারণে বর্তমানে খেলার বাইরে আছেন তিনি। ডারহামের প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল ৮ মে ডারহামের ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের আগে স্টোকসকে পাওয়ার তেমন সম্ভাবনা দেখছেন না। ক্যাম্পবেল বলেছেন, ‘ওই দুর্ঘটনায় (বলের আঘাত) আরও ভয়াবহ কিছু হতে পারত। ভাবনার চেয়ে আরও খারাপ কিছু হতে পারত। কয়েক সেন্টিমিটার এদিক-সেদিক হয়ে যদি বল সরাসরি (স্টোকসের) চোখে লাগত, তখন পরিস্থিতি অন্যরকম হতে পারত। বলটি খুব জোরে আঘাত করেছিল। আমরা ভাগ্যবান যে বড় কোনো বিপদ হয়নি।’ ক্যাম্পবেল আরও বলেন, ‘সে (স্টোকস) বেশ ভালোভাবে ট্রেনিং করে যাচ্ছে, প্রস্তুত হওয়ার জন্য। তার অনেক কিছু প্রমাণ করার আছে। অ্যাশেজটা যে অত ভালো যায়নি এটা বোঝার জন্য আপনাকে কোনো রকেট সাইন্টিস্ট হতে হবে না। সে (স্টোকস) একজন গর্বিত মানুষ যে চায় ইংল্যান্ডকে বিশ্বের সেরা দল হিসেবে দেখতে। একজন পেশাদার হিসেবে সে সুস্থ হয়ে উঠতে এবং প্রস্তুত হওয়ার জন্য কাজ করে যাচ্ছে।’ জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ডারহামের হয়ে ওরচেস্টারশায়ার এবং কেন্টের বিপক্ষে ম্যাচ খেলেই কিউই সিরিজের প্রস্তুতি নেবেন বেন স্টোকস।