পুলিশের হেফাজতে আর এস ফাহিম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ১১:১২ পিএম
পুলিশের হেফাজতে  আর এস ফাহিম
আর এস ফাহিম

রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা এলাকার সামনে উত্তেজিত জনতার হাতে আটকের পর আলোচিত ইউটিউবার আর এস ফাহিমকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৯ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে। স্থানীয়দের একটি দল ফাহিমকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে খবর পেয়ে শাহ আলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, ফাহিমকে ঘিরে ধরার পেছনে তার অতীত কর্মকাণ্ড ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিশেষ করে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, “ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

স্থানীয় সূত্র বলছে, মিরপুরের শাহ আলী এলাকায় কিছু ব্যক্তি আওয়ামী লীগ–সংশ্লিষ্ট সন্দেহে কাউকে দেখলেই আটকের চেষ্টা করেন। এ ঘটনায়ও তেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ফাহিমের সঙ্গে দলটির কয়েকজন নেতার ঘনিষ্ঠতা ছিল।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, “চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরেছিল। নিরাপত্তার জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কি না, আমরা খোঁজ নিচ্ছি।”

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জানান, ফাহিমের বিতর্কিত কর্মকাণ্ড এবং ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে ক্ষোভ থেকেই তাকে আটকে রাখা হয়। পরে তারা পুলিশকে খবর দেন।

এদিকে ‘মঞ্চ ২৪’ নামের একটি সংগঠন গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে ফাহিমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগকে পৃষ্ঠপোষকতার অভিযোগ তোলে এবং তাকে গ্রেপ্তারের দাবি জানায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে