বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন-কে ঘিরে আবারও বিয়ে ও প্রেমের গুঞ্জন তুঙ্গে। যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা কবীর বাহিয়া-র সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা আলোচনা ছড়িয়ে পড়েছে। একসঙ্গে দেখা যাওয়া এবং সামাজিক মাধ্যমে পারস্পরিক উপস্থিতি এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিয়ের প্রসঙ্গ উঠতেই এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন কৃতি। খানিকটা বিরক্তি ও হাস্যরস মিশিয়ে তিনি বলেন, “আপনারা কি সেই খালাম্মা-চাচির মতো, যাঁরা শুধু জানতে চান কবে বিয়ে করব? জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।”
তিনি আরও জানান, বিয়ে তিনি অবশ্যই করবেন, তবে কোনো তাড়াহুড়ো করে নয়। নিজের সময় ও ইচ্ছা অনুযায়ী জীবনের এই সিদ্ধান্ত নিতে চান বলে স্পষ্ট করে দেন অভিনেত্রী।
কৃতির এই প্রেমের গুঞ্জনের পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা। তার ছোট বোন নূপুর স্যানন-এর বিয়ের অনুষ্ঠানে কবীর বাহিয়ার সঙ্গে তাকে দেখা যায়। সেই অনুষ্ঠান থেকে শেয়ার করা একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আলোচনার মাত্রা আরও বেড়ে যায়। এর আগেও দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে, যদিও সম্পর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি কেউই।
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও পেশাগত দিক থেকে বেশ ভালো সময় পার করছেন কৃতি। সম্প্রতি তিনি ‘পিঙ্কভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকনস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।
এদিকে সামনে আসছে তার নতুন সিনেমা ককটেল ২। এতে তার সঙ্গে অভিনয় করছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা। সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
বিশ্লেষকদের মতে, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন গুঞ্জন নতুন কিছু নয়। তবে কৃতির স্পষ্ট অবস্থান আবারও মনে করিয়ে দিল, নিজের জীবনের সিদ্ধান্তে তিনি স্বাধীন ও আত্মবিশ্বাসী।