ঈদুল ফিতর ঘিরে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে এবারও দর্শকের পছন্দে এগিয়ে রয়েছে পারিবারিক, রোমান্টিক ও কমেডি ধাঁচের গল্প। ইউটিউব ভিউ ও দর্শক প্রতিক্রিয়া বলছে, সহজ-সরল সম্পর্কের গল্পই সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে দর্শকদের মন। বিশেষ করে পরিবারের টানাপোড়েন, ভালোবাসা আর হাস্যরস মিশ্রিত নাটকগুলোই জায়গা করে নিয়েছে আলোচনার শীর্ষে।
এই ধারাবাহিকতায় সবচেয়ে বেশি আলোচিত নাটকগুলোর একটি ফ্যামিলি ম্যান। মোস্তফা কামাল রাজের পরিচালনায় এতে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। সাত দিনেই প্রায় ৮০ লাখ ভিউ পাওয়া এই নাটকে নিম্নবিত্ত এক যুবকের পরিবারকেন্দ্রিক সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।
রোমান্টিক গল্পের তালিকায় এগিয়ে আছে তোমাকে চাই। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তটিনী। খালাতো ভাই-বোনের প্রেমের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি সাত দিনেই ৬৮ লাখের বেশি দর্শক দেখেছেন।
পারিবারিক আবেগঘন গল্প নিয়ে আলোচনায় রয়েছে ডিয়ার ফ্যামিলি। বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা এই নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও খায়রুল বাসার। মাত্র চার দিনেই এটি ৫৬ লাখ ভিউ পেয়েছে।
কমেডি-ড্রামা ঘরানায় দর্শকের নজর কেড়েছে জামাই টক্কর। এতে এক পরিবারের দুই জামাইয়ের ভিন্ন জীবনযাপন ও মানসিকতার দ্বন্দ্ব দেখানো হয়েছে। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম ও শামীম হাসান সরকার। নয় দিনে নাটকটি ৫৩ লাখ দর্শক দেখেছেন।
এছাড়া পরিবারকেন্দ্রিক আরেকটি নাটক আপনজন-ও রয়েছে আলোচনায়। বড় তারকাবহুল এই নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকে। ২৩ মার্চ মুক্তির পর এটি ৪৪ লাখ ভিউ অর্জন করেছে।
বিশ্লেষকদের মতে, সময়ের বাস্তবতা ও পারিবারিক আবেগের গল্পই এখনও দর্শকের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। সহজ গল্প, পরিচিত সম্পর্ক আর বাস্তব জীবনের ছোঁয়া থাকলেই নাটক দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।