ড্যান্স ও আইটেম গানে দাপট দেখানো সংগীতশিল্পী প্রীতম হাসান এবার সেই ধারার গান থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরে সিনেমার আইটেম গানে নিয়মিত থাকা এই শিল্পী জানিয়েছেন, আপাতত তিনি ফিরে যেতে চান ভিন্নধর্মী, কম বাণিজ্যিক গানের জগতে।
ক্যারিয়ারের শুরু থেকেই ‘বিয়ানসাব’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’ ও ‘কাবাবের হাড্ডি’র মতো গানের মাধ্যমে জনপ্রিয়তা পান প্রীতম। ২০২০ সালে ‘কাবাবের হাড্ডি’ প্রকাশের পর একবার ড্যান্স ঘরানার গান থেকে বিরতি নিয়েছিলেন তিনি। তবে পরে আবার সিনেমার আইটেম গানে সক্রিয় হয়ে ওঠেন, বিশেষ করে ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে তার উপস্থিতি ছিল নিয়মিত।
সবশেষ এবারের ঈদে প্রিন্স সিনেমার জন্য ‘জ্বালা জ্বালা’ শিরোনামের আইটেম গান তৈরি করেছেন প্রীতম। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। এই গান প্রকাশের সময়ই নিজের নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি।
প্রীতম বলেন, “কিছু সময়ের জন্য সিনেমার ড্যান্স ট্র্যাকে কণ্ঠ দেওয়া থেকে বিরতি নিচ্ছি। নতুন কিছু না করার সুযোগ থাকলে আবার ফিরব। আপাতত হয়তো ‘শরতের শেষ থেকে’, ‘মরে যাক’, ‘খোকা’-এর মতো গানে ফিরতে চাই, যেখানে হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি।” তিনি আরও যোগ করেন, সিনেমার কাজে যারা তাকে সমর্থন করেছেন কিংবা সমালোচনা করেছেন, সবার প্রতিই তিনি কৃতজ্ঞ।
সংগীতের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ক্যাকটাস, যেখানে তিনি মানসিভ নামের এক হ্যাকারের চরিত্রে অভিনয় করেছেন। এতে তার সঙ্গে রয়েছেন মেহজাবীন চৌধুরী।
এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’, যেখানে নতুনভাবে দর্শকের সামনে হাজির হবেন প্রীতম। সব মিলিয়ে বলা যায়, গানের ধারায় সাময়িক বিরতি নিলেও সৃজনশীল কাজ থেকে দূরে যাচ্ছেন না তিনি।