আফকন বিতর্কে চাপে শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন সিএএফ মহাসচিব

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ০৩:৫৮ পিএম
আফকন বিতর্কে চাপে শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন সিএএফ মহাসচিব

আফ্রিকান ফুটবলে চলমান বিতর্ক ও অস্থিরতার মধ্যেই পদত্যাগ করেছেন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল-এর মহাসচিব ভেরন মোসেঙ্গো–ওমবা। দীর্ঘদিন ধরে তাকে সরানোর দাবি উঠছিল, আর আফ্রিকা কাপ অব নেশনস ঘিরে সাম্প্রতিক বিতর্ক সেই চাপ আরও বাড়িয়ে তোলে।

নিজের বিদায়কে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছেন মোসেঙ্গো–ওমবা। এক বিবৃতিতে তিনি বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে ৩০ বছরের বেশি সময় কাজ করার পর আমি সিএএফ মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন ব্যক্তিগত উদ্যোগে মনোযোগ দিতে চাই।” তবে তার এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন সংস্থার নেতৃত্ব নিয়ে আস্থার সংকট তীব্র আকার নিয়েছে।

বিশেষ করে আফ্রিকা কাপ অব নেশনস ফাইনাল ঘিরে নেওয়া সিদ্ধান্ত বড় ধরনের বিতর্ক তৈরি করে। ফাইনালে জয়ের পরও সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি এখন বিচারাধীন রয়েছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট-এ।

এছাড়া দুর্নীতির অভিযোগ এবং বাধ্যতামূলক অবসরের বয়স ৬৩ পার হওয়ার পরও দায়িত্বে থাকার বিষয়টি নিয়েও সমালোচনায় পড়েছিলেন তিনি। সিএএফের নির্বাহী কমিটির ভেতর থেকেও তার পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল।

বিদায়ী বার্তায় এই সমালোচনার প্রসঙ্গও ইঙ্গিত করেছেন মোসেঙ্গো–ওমবা। তিনি বলেন, “কিছু মানুষ আমার বিরুদ্ধে সন্দেহ ছড়াতে অনেক দূর পর্যন্ত গিয়েছিল। এখন আমি শান্ত মনে সরে দাঁড়াতে পারছি এবং আগের চেয়ে আরও সমৃদ্ধ একটি সিএএফ রেখে যাচ্ছি।”

এদিকে সিএএফ সভাপতি প্যাট্রিস মোতসেপে জানিয়েছেন, সেনেগালের করা আপিলের বিষয়ে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট যে সিদ্ধান্ত দেবে, সেটিই মেনে নেবে সংস্থাটি। কায়রোতে নির্বাহী কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “সিএএসের সিদ্ধান্তই চূড়ান্ত, সেটিই বাস্তবায়ন করা হবে।”

বিশ্লেষকদের মতে, আফকন বিতর্ক ও প্রশাসনিক অস্থিরতার কারণে সিএএফ এখন এক সংকটময় সময় পার করছে। এই অবস্থায় নতুন নেতৃত্ব কতটা দ্রুত পরিস্থিতি সামাল দিতে পারে, সেটিই এখন দেখার বিষয়।