থাইল্যান্ড চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী আফঈদারা

এফএনএস স্পোর্টস
| আপডেট: ৩০ মার্চ, ২০২৬, ০৫:২৮ পিএম | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ০৫:২৮ পিএম
থাইল্যান্ড চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী আফঈদারা

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ শুরুর আগেই নিজেদের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ দল। একদিন পর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। থাইল্যান্ডে অবস্থানরত দলটি এখন পুরোপুরি ম্যাচের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন খেলোয়াড়রা।

গত ২০ মার্চ থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। এরপর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর তত্ত্বাবধানে কোচ পিটার বাটলার-এর অধীনে চলছে নিবিড় অনুশীলন। প্রস্তুতি পর্বে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ।

দলটির অন্যতম ফরোয়ার্ড সৌরভী আকন্দ প্রীতি থাইল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় জানান, “আমরা গত ম্যাচে জর্ডানের সঙ্গে ড্র করেছি। ওই ম্যাচে আমাদের যেসব ভুল ছিল, কোচ সেগুলো মাঠে প্র্যাকটিসের মাধ্যমে ঠিক করার চেষ্টা করছেন।” তিনি আরও বলেন, “এখানকার মাঠের পরিবেশ খুব ভালো। প্রস্তুতিও ভালো হয়েছে। আমরা সবাই ম্যাচের জন্য প্রস্তুত।”

দলের অধিনায়ক আফঈদা খন্দকারসহ পুরো স্কোয়াডই আত্মবিশ্বাসী। প্রতিটি ম্যাচে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামতে চায় বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রস্তুতি ম্যাচে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে থাইল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে পারে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে শুরুটা ভালো হলে পুরো টুর্নামেন্টেই ইতিবাচক প্রভাব পড়বে।