১৩ মৌসুম পর প্রথম ম্যাচেই জয়, রোহিত-রিকেলটনের ঝড়

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ০৫:৩৩ পিএম
১৩ মৌসুম পর প্রথম ম্যাচেই জয়, রোহিত-রিকেলটনের ঝড়

দীর্ঘ ১৩ মৌসুমের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই জয় দিয়ে নতুন আসর শুরু করল মুম্বাই ইন্ডিয়ান্স। রোববার (২৯ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স-কে ৬ উইকেটে হারিয়ে দাপুটে সূচনা করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই জয়ের নায়ক হয়ে ওঠেন রোহিত শর্মা ও রায়ান রিকেলটন, যাদের বিস্ফোরক জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ওয়াংখেড়েতে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান তোলে কলকাতা। বড় লক্ষ্য হলেও মুম্বাইয়ের ব্যাটিংয়ে কোনো চাপই দেখা যায়নি। ওপেনিংয়ে নেমে ১৪৮ রানের ঝড়ো জুটি গড়ে জয় প্রায় নিশ্চিত করে দেন রোহিত ও রিকেলটন। মাত্র ১৯.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে মুম্বাই, যা তাদের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

প্রায় ১০ মাস পর টি-টোয়েন্টিতে নেমে রোহিত খেলেন ৩৮ বলে ৭৮ রানের ঝকঝকে ইনিংস। সমান ছন্দে ব্যাট চালিয়ে ৪৩ বলে ৮১ রান করেন রিকেলটন, যেখানে ছিল ৮টি ছক্কা। পাওয়ার প্লেতেই উইকেট না হারিয়ে ৮০ রান তুলে ম্যাচের ভিত গড়ে ফেলে এই জুটি। পরে রোহিতের বিদায়ে ভাঙে তাদের ৭২ বলে ১৪৮ রানের জুটি, যা মুম্বাইয়ের ইতিহাসে অন্যতম সেরা উদ্বোধনী জুটি।

ম্যাচে ব্যাটারদের দাপট থাকলেও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শার্দুল ঠাকুর। ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে কলকাতার বড় স্কোর ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

কলকাতার হয়ে লড়াই করেছিলেন আজিঙ্কা রাহানে, যিনি ৪০ বলে ৬৭ রান করেন। এছাড়া আঙ্করিশ রাঘুভানশির ৫১ ও রিঙ্কু সিংয়ের অপরাজিত ৩৩ রান দলকে ২২০ পর্যন্ত নিয়ে যায়। তবে বোলিংয়ে সেই রান রক্ষা করতে পারেনি তারা।

বিশ্লেষকদের মতে, টানা ১৩ মৌসুম উদ্বোধনী ম্যাচে জয়ের দেখা না পাওয়া মুম্বাইয়ের জন্য এই জয় মানসিকভাবে বড় স্বস্তি। একই সঙ্গে রোহিত-রিকেলটনের ফর্ম দলটির ব্যাটিং গভীরতা ও শক্তির ইঙ্গিত দিচ্ছে, যা আসরের বাকি ম্যাচগুলোতেও প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।