দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জালিয়াতির মাধ্যমে খুলনার সিটি গার্লস কলেজের প্রভাষক ওমর ফারুক ১৩ লাখ টাকা আত্মসাৎ করায় দুটি ধারায় তিন বছর করে ছয় বছরের সাজা দিয়েছেন আদালত। আত্মসাতকৃত টাকা জরিমানা ধার্য করে তা অনাদায় আরো ছয় মাসের সাজার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ আদেশ দেন।
অপরদিকে, একই আদালত সোমবার বাগেরহাটের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ১১ লাখ টাকা আত্মসাতের দায়ে মাঠ সহকারি কল্যাণ অধিকারীকে দুটি ধারায় তিন বছর ও সাত বছর করে মোট ১০ বছরের সাজা এবং ১০ লাখ টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের সাজা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর মোঃ মোফাক্কার হোসেন মনি জানান, কলেজ প্রভাষক ওমর ফারুক রায় প্রদানের সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর মামলার আসামি কল্যাণ অধিকারী পলাতক রয়েছে।