কচুয়ায় ফসলি জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে এক নারী বিএনপি নেত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত নেত্রীর নাম ময়না বেগম (৫০)। তিনি কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বিএনপি নেত্রী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কচুয়া উপজেলার ভাষা গ্রামের নিজের জমিতে পানি দেওয়া নিয়ে প্রতিপক্ষের সাথে বাকবিতণ্ডা হয় ওই নেত্রীর। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদরে পাঠানোর পরামর্শ দেওয়া হতে পারে এই ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এ বিষয়ে কচুয়া থানা পুলিশ আমাদের প্রতিনিধিকে জানান,"জমিতে পানি দেওয়া সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"