ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০২:৫৩ পিএম
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

ভারতে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন তিন বাংলাদেশি যুবক। বুধবার (০১ এপ্রিল) সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে। ফেরত আসারা হলেন-সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কলিনগর গ্রামের রমজান মল্লিক, একই থানার গোবিন্দপুর গ্রামের জাবের হোসেন ও আসাদুজ্জামান গাজী। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, ভালো কাজের আশায় দুই বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের কেরালায় গিয়েছিল। সেখানে কাজ করার সময় পুলিশের হাতে আটক হয় তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বুধবার তারা দেশে ফিরে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা থানা থেকে তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে। জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, ফেরতদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করেছি। তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে