পাবনার চাটমোহর উপজেলায় কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি অফিস সময় মানছেন না। নির্ধারিত সময় সকাল ৯টায় অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে এসকল কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে। ফলে সেবাগ্রহীতাদের অপেক্ষা করতে হচ্ছে। একাধিক সূত্রে জানা গেছে,সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়েই অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও কয়েকজন কর্মকর্তা-কর্মচারি দেরিতে অফিসে আসছেন। এরমধ্যে রয়েছেন অতি গুরুত্বপূর্ণ দপ্তর ইউনিয়ন ভূমি অফিসসমূহ। ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা প্রতিনিয়তই দেরি করে অফিসে যাচ্ছেন। ফলে জমির মালিকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগও রয়েছে এসকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে। এদিকে গত মঙ্গলবার (৩১ মার্চ) চাটমোহর উপজেলা পরিষদে গিয়ে দেখা যায়,কয়েকজন কর্মকর্তা-কর্মচারি দেরিতে অফিস আসলেন। একটি অফিসের তালা খোলা হলো সকাল ৯টা ২০ মিনিটে। এ বিষয়ে সেবাগ্রহীতারা ক্ষোভ প্রকাশও করলেন। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম খান আরোজ বললেন,‘সরকারি নিয়ম মেনে অফিসারদের অফিস করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী যখন সময় বেধে দিয়ে নিজে সময়মত অফিস করছেন।উপজেলার অফিসারদের নিয়ম মেনে জনগণের সেবা করার মনোভাব থাকা উচিত।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বললেন,বিষয়টি আমার জানা নাই।