পাবনার সাঁথিয়ায় পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে।ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামে। নিহত শাহিন আলম(৩০)রাউতি গ্রামের রওশন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে,রাউতি গ্রামের রওশন আলীর দুই ছেলে বাবুল হোসেন ও শাহীন আলমের পৃথক সংসার। বড় ছেলে বাবুল হোসেন তার পিতা রওশন আলীর ভরণ পোষণ করতেন।গত শনিবার(২৮মার্চ)দুপুরে খাবার খাওয়া নিয়ে পিতার সাথে বড় ছেলে বাবুলের তর্ক-বির্তক হয়।এসময় বিষয়টা নিয়ে ছোট ভাই শাহিন বড় ভাইয়ের সাথে তর্কে জরায়। তর্ক বিতর্কের এক পর্যায়ে বড় ভাই বাবুল হোসেন ক্ষিপ্ত হয়ে ছোট ভাই শাহিন আলমকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারপিট করে। এতে শাহীন গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শাহীনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। রোগীর আত্মীয়-স্বজন রোগীকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য টাকা পয়সা যোগার করতে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর রোগীর অবস্থার ব্যাপক অবনতি হলে গতকাল বুধবার(১এপ্রিল)রাত ৯টার দিকে শাহিন বাড়িতেই মারা যায়। সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।