রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করে দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। পরে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযানটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পুরানচর এলাকার তুষার মন্ডল (২৩), পিতা- আলাল মন্ডলকে আইনটির ৩৬(৫) ধারায় ১৫ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া বহরপুর এলাকার স্বামী-স্ত্রী মো. রিপন মন্ডল (৩২), পিতা- হানেফ মন্ডল এবং লাভলী আক্তার (৩২), পিতা- আবু বক্কারকে ৩৬(৫) ও ৪২(১) ধারায় ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা, এক পোটলা গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।