ট্রেন লাইনচ্যুতির ১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ০৬:১২ পিএম
ট্রেন লাইনচ্যুতির ১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে ধীরে ধীরে ট্রেন চলাচল চালু করা হয় বলে জানিয়েছেন নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির হোসেন। রেলওয়ে সূত্র জানায়, উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু করা হয়। প্রথমে হরষপুর স্টেশনে অবস্থানরত সিলেটগামী পারাবত এক্সপ্রেস ছেড়ে দেওয়া হবে। এরপর শায়েস্তাগঞ্জে অপেক্ষমাণ কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এদিকে ঢাকা-চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস বর্তমানে শ্রীমঙ্গল স্টেশনে অবস্থান করছে। অন্যদিকে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আজমপুর স্টেশনে আটকে রয়েছে বলে জানা গেছে। এর আগে বুধবার রাত আনুমানিক ৯টার দিকে মনতলা এলাকায় সিলেটগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে অন্তত ছয়টি বগি লাইন থেকে ছিটকে পড়ে এবং সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ সময় ধরে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে রেললাইন মেরামত করা হলে পুনরায় ট্রেন চলাচলের উপযোগী করা হয়। এ ঘটনায় একটি পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে