বিয়ে নয়, বাগদান- গুঞ্জনের জবাব দিলেন সিমরিন লুবাবা

এফএনএস বিনোদন
| আপডেট: ২ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ পিএম | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ পিএম
বিয়ে নয়, বাগদান- গুঞ্জনের জবাব দিলেন সিমরিন লুবাবা

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, একসময়কার আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা আবারও আলোচনার কেন্দ্রে। অভিনয়জগত ছেড়ে ধর্মীয় জীবন বেছে নেওয়ার পর থেকেই তার প্রতিটি পদক্ষেপ নিয়ে ভক্তদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এবার সেই আগ্রহ নতুন মাত্রা পায় তার ব্যক্তিগত জীবনকে ঘিরে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে লুবাবা লেখেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী দান করেছেন।” এই কথাগুলো প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধরে নেন, লুবাবা হয়তো ইতোমধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে যখন চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্ষা তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে শুভেচ্ছা বার্তা দেন। এতে সাধারণ ভক্তদের মাঝে বিয়ের খবরটি প্রায় নিশ্চিত হিসেবেই ছড়িয়ে পড়ে। তবে সব বিভ্রান্তির অবসান ঘটিয়ে লুবাবা নিজেই বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, এখনো তার বিয়ে হয়নি। বরং দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। বিয়ের প্রসঙ্গে লুবাবা আরও বলেন, “বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই আমাদের বিবাহ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।” নতুন জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার এই পরিবর্তন ও নতুন যাত্রা ঘিরে ভক্তদের মাঝেও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া-কেউ শুভকামনা জানাচ্ছেন, আবার কেউ অবাক হয়ে তাকিয়ে আছেন তার এই বদলে যাওয়া জীবনের দিকে।